জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানজিং কমিটির সভাপতি হয় ব্যক্তিগত পছন্দের লোকজন। যাকে সভাপতি করলে প্রধান শিক্ষক তার ইচ্ছামত কাজ করতে পারবেন তাকেই তিনি সাপোর্ট দিচ্ছেন। অথচ হওয়া দরকার যে ব্যক্তি শিক্ষা অনুরাগী, শিক্ষার প্রতি যার দরদ আছে অথবা এলাকায় ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষা নিয়ে যিনি ভাবেন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বুধবার সকালে কমলনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
হুইপ বলেন, সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ এখন আর বই পড়ে না। এ পরিস্থিতি উত্তরণে শিক্ষার্থীদের ভালো লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে শিক্ষকদের তাগিদ দিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো.নুরুল ইসলাম, হাজিরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও চরলরেন্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন।
