ঢাকার কেরানীগঞ্জে ৮ লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গত সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মুজিবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার সদর থানার লোহালিয়া গ্রামের মো. কাউসার (৫০) ও কেরানীগঞ্জ ভাগনা মুজিবনগর এলাকার কামাল হোসেন (৫০)। ঢাকা জেলা দক্ষিণ ডিবি অফিস সূত্রে জানা যায়, গতকাল রাতে মুজিবনগর এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ছয় লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো একটি রুম থেকে প্রিন্টার মেশিন, একটি হ্যান্ড সিলার মেশিন, জাল টাকা ছাপার কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ৭টি জাল টাকার উৎপাদন প্রস্তুত ও স্থানীয় বাজারে সরবরাহের মামলা রয়েছে এবং কেরানীগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
