আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭, গ্রেপ্তার ১২

ফন্ট সাইজ:

নারায়গঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার পলাতক আসামি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধর করে আহত করে। এ ছাড়া পুলিশের ব্যবহৃত ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোনসহ আসামিকে ছিনিয়ে নেয়। মঙ্গলবার ভোরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার জেরে সকালে পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামি শামীমের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে।

জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গতরাত সাড়ে ৩টার দিকে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীমকে গ্রেপ্তারে ওই পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় নিজ ঘর থেকে শামীমকে গ্রেপ্তার করে তারা।

বিষয়টি জানাজানি হলে শামীমের লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং মারধর করে শামীমকে ছিনিয়ে নেয়। পরে শামীমের স্ত্রীসহ ঘটনায় সম্পৃক্ত ১২ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদান এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন