গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশি অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬) ও রুহুল আমিন (৩৮) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে সিএনজি চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে কুমিল্লার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, চক্রটি অত্যন্ত সুসংগঠিত। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি সংগ্রহ করে পাচার করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গজারিয়া ও আশপাশের এলাকার সিএনজি চালকদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। উদ্ধারকৃত সিএনজিটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন