মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভা হয়েছে। গতকাল পাবলিক লাইব্রেরি হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক এমপি নাজমুল হক প্রধান।
বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশ জাসদের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, আমেরিকার সঙ্গে দেশবিরোধী যে গোলামির চুক্তি হয়েছে, তা বাস্তবায়িত হলে আমাদের দেশের কৃষি, শিল্প ধ্বংস হয়ে যাবে। পোল্ট্রি এবং ডেইরি পণ্য শিল্পে নিয়েজিত লাখ লাখ লোক বেকার হয়ে যাবে। এ ছাড়া আমেরিকার এসব পণ্য জেনেটিকালি মডিফাইড হওয়ায় দেশের জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগের প্রাদুর্ভাব বাড়বে। বর্তমান সরকার এবং বিরোধী দল বিভিন্ন অপ্রয়োজনীয় আলোচনায় সংসদ গরম করছেন। কিন্তু দেশ ধ্বংসের এই চুক্তি নিয়ে কেউ একটা বাক্য ব্যয় করেননি। ফলে এটা সহজে অনুমেয় এই চুক্তিতে তাদের সমর্থন আছে।
বক্তারা আরও বলেন, দেশীয় শিল্প ধ্বংস হলেও আমদানিকারকরা বিপুল মুনাফা করবে। যেভাবে দেশীয় চিনিকল বন্ধ করে বিদেশ থেকে চিনি আমদানি করে ৫০ টাকার চিনি ১২০ টাকায় জনগণকে কিনতে বাধ্য করছে পুঁজিপতিরা। একইভাবে দেশীয় পোল্ট্রি এবং ডেইরি খাত ধ্বংস করে আমেরিকার মুরগির মাংস, গরুর মাংস, ডিম, দুধ বেশি দামে কিনতে বাধ্য করা হবে জনগণকে। এই চুক্তির ফলে দেশের ওষুধ শিল্পও ধ্বংস হয়ে যাবে। ফলে দেশের জনগণের সামনে ভীষণ বিপদ। তাই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। সভা শেষে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়।
রংপুরে যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৫ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
