রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বনরূপা-কাঠালতলি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। দীর্ঘ আট বছর পর গত শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে।

এর পরদিন রোববার সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবকে বিষয়টি অবহিত করেন। আন্দোলনকারীরা নতুন কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সোমবার দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল কোনো সিদ্ধান্ত না জানালে বিকালে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির অবনতি রোধে জেলা ম্যাজিস্ট্রেট বনরূপা-কাঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারার বিষয়টি সবাইকে জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে কোনো ধরনের গ্রুপিং নেই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন