কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে- তা পুলিশ নিশ্চিত করেনি। ওসি জানিয়েছেন, বিস্তারিত পরে জানানো হবে। এদিকে, রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সকল রোডে বাস যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
৪ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। আটকের খবর পেয়ে কয়েকশ’ নেতাকর্মী ও পরিবহন শ্রমিক কোতোয়ালি মডেল থানার সামনে গিয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন। এ সময় তাদের স্লোগান ছিল- ‘রেজাউল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙবো রেজাউল ভাইকে আনবো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, বিএনপি’র সরকার ক্ষমতায় আসার পর থেকেই শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায় নিয়ে আলোচনায় আসেন রেজাউল কাইয়ুম ও তার বেশ কিছু অনুসারী।
একাধিক গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টেও চাঁদাবাজির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়। এ ছাড়াও গত দুইদিন ধরে শাসনগাছা থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের শ্রমিকরাও টার্মিনালের চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ করেন। তাই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই আজ তাকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, রেজাউলকে কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে। সিনিয়র অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
