মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা, বাড়ছে দুর্ঘটনা

মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা, বাড়ছে দুর্ঘটনা

ফন্ট সাইজ:

মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। একদিকে খানাখন্দে ভরা, অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় বাড়ছে দুর্ভোগ। বছরের পর বছর এমন অবস্থা চললেও মিলছে না প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশিদিন টিকছে না। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে আগামী জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে সড়ক মেরামতের কাজ।

সরজমিন দেখা যায়, মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজীরমোড় এলাকার এই দেড় কিলোমিটারের পুরোটাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রখর রোদে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই সমস্যা থাকায় গত দুই বছর ধরে বাড়ছে ভোগান্তি। জানা গেছে, একই অবস্থা বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়কের। উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় সহজে নামছে না বৃষ্টির পানি। স্কুল-কলেজের শিক্ষার্থী-পথচারী ও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে ঝুঁকিতে এলাকাবাসীও। এদিকে, বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, ডা. অখিল বন্ধু সড়কেরও সমস্যা কাটছে না দীর্ঘদিন ধরে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার মেরামতের আশ্বাস দিলেও আলোর মুখ দেখা যাচ্ছে না। ফলে সড়ক দিয়ে যাতায়াতে ঘটছে একের পর এক দুর্ঘটনা।
তথ্য বলছে, মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস। সড়ক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে গত ১০ বছরে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছে মাদারীপুর পৌরসভা। গণমাধ্যমে খবর প্রচারের পর মাঝে মাঝে সড়ক মেরামত করে কর্তৃপক্ষ। কিন্তু ভারী যানবাহন চলাচল আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক বেশিদিন টিকছে না। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। ইজিবাইক চালক মো. এমাদুল বলেন, ‘রাস্তার যে অবস্থা যাত্রী নিয়েও যাতায়াত করা যায় না। মাঝে মাঝে ইজিবাইক উল্টে যায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোর অধিকাংশ জায়গায় খানাখন্দ। দ্রুত সড়ক সংস্কার না হলে বাড়বে দুর্ঘটনা।’

শিক্ষার্থী অরিত হাসান রায়ান বলেন, ‘ইজিবাইক বা রিকশায় উঠলে ভয় লাগে। কখন উল্টে যায় যানবাহন। আর সড়ক দিয়ে হাঁটাচলাও করা যায় না। কেন না পানি জমে থাকে। আমরা এর থেকে মুক্তি চাই।’ মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানু জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে মাদারীপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সড়ক সংস্কারও রয়েছে। আগামী দুই থেকে তিন মাস পর নতুন প্রকল্প বাস্তবায়ন হলেই মিলবে সমাধান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন