পাথরঘাটায় ৫১০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পাথরঘাটায় ৫১০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পাথরঘাটা পৌর শহরের ইমন আলী সড়কের নিজ বাসা থেকে ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান গিফট হাউজের স্বত্বাধিকারী আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পাথরঘাটা থানার এসআই সোহেল রানা ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তার বাসায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় আটককৃত অভির বেডরুম থেকে পাঁচটি ছোট প্লাস্টিক প্যাকেটে ৫১০টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন