রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙ্গামাটিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিক ও অগণতান্ত্রিকভাবে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেন। রোববার বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন।

এ সময় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়ায় শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

তবে নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে জেলা বিএনপি নেতারা কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেন। দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুনরায় বৈঠক করে জেলা বিএনপি নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন