নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।
রোববার নরসিংদী জেলা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন পরিবহণ মালিক সমিতির নেতারা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।
সারোয়ার হোসেন মৃধা বলেন, তোফাজ্জল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে নরসিংদীর রাজনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবার পরিধি বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে পরিবহণ খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আব্দুল ওয়াহাব রাশেদ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী নূর-ই-ইলহাম, জেলা তাতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল এবং আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হক ভুঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা শ্রমিক ইউনিয়ন, নির্যাতিত ড্রাইভার ঐক্য সংগঠন এবং বাংলাদেশ ড্রাইভার ঐক্য কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, আমি নরসিংদীর মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য। পরিবহণ খাত জেলার অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ এই খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ তোফাজ্জল হোসেন মাস্টারের সার্বিক সাফল্য কামনা করেন এবং নরসিংদীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
