মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে সড়কে পড়ে যান চলাচল বন্ধের প্রায় সাড়ে ৫ ঘন্টা পর কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ
স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝড়ো হাওয়ায় বনের সড়কের একাধিক সড়কে গাছ উপড়ে পড়ে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বাহনের চালক ও যাত্রীরা। ঝড়ে গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক বলেন, বিকাল ৬ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বন বিভাগ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তীব্র ঝড়ো হাওয়ার সময় লাউয়াছড়া বনের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের গাড়ি ভাঙ্গাসহ একাধিক স্থানে গাছ ভেঙে এবং উপড়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক যোগাযোগ বন্ধের খবর পেয়ে বনবিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক বলেন, দুপুরে আকস্মিকভাবে ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে। এরপর থেকেই সড়কের দু'পাশে কয়েক শতাধিক গাড়ি আটকে থাকে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণে পর বিকাল ৬ টায় এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
