হাওর রক্ষার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

হাওর রক্ষার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে কৃষি-কৃষক ও হাওর রক্ষার দাবিতে বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকালে মৌলভীবাজার চৌমহনা এলাকায় এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। হাওরসহ নিম্নাঞ্চলের ধানক্ষেত পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান। রাষ্ট্রীয় উদ্যোগে ধান কাটতে কৃষি শ্রমিক নিয়োগ। হাওর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক দায়ীদের শাস্তি প্রদান ও হাওরের জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা।

বাসদ নেতা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হাওরের কৃষকদের বোরো ধানই বছরের একমাত্র ভরসা। সেই ফসল তলিয়ে যাওয়া মানে পুরো বছরের খাদ্য ও জীবিকার নিশ্চয়তা ভেঙে পড়া। যারা জমি থেকে কিছু ফসল কাটতে পেরেছেন রোদ না থাকায় তারাও ধান গোলায় তুলতে পারছেন না। ব্যাংক, এনজিওসহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে কৃষকরা ফসল ফলায়।

আবার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণেও অনিয়ম হয়েছে। মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম এবং দুর্নীতির ফলে বাঁধ নির্মাণ অসমাপ্ত থাকায় অনেক জায়গায় বাঁধ ভেঙে পানিতে কৃষকের স্বপ্ন ধান তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও প্রশাসন তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি। বাঁধ নির্মাণে কারা অনিয়ম এবং দুর্নীতি করলো এবং কৃষক ক্ষতিগ্রস্ত হলো সেটা সরকারের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। বিভিন্ন হাওরে কৃষি শ্রমিকের অভাবে তলিয়ে যাওয়া ধান উত্তোলন করা যাচ্ছে না।

আমরা সেই ফসল তুলতে সরকারি উদ্যোগে কৃষি-শ্রমিক নিয়োগ দিয়ে কৃষককে সহযোগিতা করার দাবি রাখছি। প্রধানমন্ত্রী যদিও সংসদে বলেছেন কৃষকদের প্রতি সরকারের সহযোগিতা থাকবে, তবুও আমরা জোর দাবি রাখছি- ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের করতে হবে। হাওরে মূলত বোরো ধানই একমাত্র ফসল আবার ভূমিহীন বা প্রান্তিক কৃষকরা জমির মালিকে কাছ থেকে টাকা দেয়ার চুক্তিতে বা বর্গা নিয়ে চাষ করে- ফলে সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। মৌলভীবাজারের কাউয়া দীঘি হাওরের কৃষি সম্প্রসারণের যে কাশিমপুর পাম্প হাউজ আছে সেটা সার্বক্ষণিক চালু থাকলে কাউয়া দীঘি হাওরের ধান পানিতে তলিয়ে যেতো না। কাশিমপুর পাম্প হাউজ চালু রাখতে যে তিন মেগাওয়াট বিদ্যুৎ দরকার সেটা সরবরাহ করে পাম্প হাউজকে সচল রাখার দাবি জানাচ্ছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন