পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিসের অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহ্র দান’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস এবং ময়মনসিংহ থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে একজন নিহত ও চারজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) আরও একজন পুরুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা হলেন-উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম ঊর্মি এবং ময়মনসিংহের ফুলপুর থানার মো. মনির হোসেন (২৩)। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন