জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতি বছর দেশ থেকে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পড়ে না পড়ার জন্য তিনি কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন। বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে জাপানি ভাষা শিক্ষা কোর্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন।
এর আগে তিনি এক অনুষ্ঠানে জয়পুরহাটে ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৩০ রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
