শিবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পরিচয় দিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেয়ার অভিযোগে মোঃ অলিউল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটক অলিউল্লাহ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের ইসারুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার অলিউল্লাহ নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে তেল সংগ্রহ করেন। এ সময় তার কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে এলে বিষয়টি তদন্তে নামে শিবগঞ্জ থানার পুলিশ। পরে শনিবার অভিযান চালিয়ে গোলাপবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক অলিউল্লাহর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
