মুক্তিপণ না পেয়ে কিশোর অটোচালককে হত্যার অভিযোগ

মুক্তিপণ না পেয়ে কিশোর অটোচালককে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোচালক কিশোর রাজিব (১৮) নামে এক জনকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবারের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

পরে শনিবার দুপুরবেলায় স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, একটি মোবাইল নম্বর থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেয়া হয়। তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেয়ায় আমার ভাগিনাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন