মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে সড়কে পড়ার ঘটনা ঘটেছে। এতে ৫ ঘণ্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে ছোট-বড় শতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক। বনবিভাগ জানায়, শনিবার দুপুরে তীব্র ঝড়ো হাওয়ার সময় লাউয়াছড়া বনের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের গাড়ি ভাঙাসহ একাধিক স্থানে গাছ ভেঙে এবং উপড়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বনবিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন।
তবে বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছ অপসারণের কাজ চলছিল। শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক বলেন, দুপুরে আকস্মিকভাবে ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে ও ভেঙে পড়ে। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণে কাজ করছে।
