পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে গিয়ে আটক হয়েছে দুই ব্যক্তি। গত শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘুষ দেয়ার চেষ্টার ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে আটক মইনুল ইসলাম চৌধুরী সামাদ ও জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়। গত ৩০শে এপ্রিল কুলাউড়া থানায় সিলেট রেঞ্জের ডিআইজি বার্ষিক পরিদর্শন চলাকালীন সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
?আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা মাহতাব মিয়ার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার এবং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী সামাদ। জানা যায়, মাহতাব মিয়ার সঙ্গে তার প্রাক্তন স্ত্রী জেসমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলছে। সম্প্রতি মাহতাব মিয়ার বিদেশ যাওয়ার খবর শুনে তা আটকাতে মরিয়া হয়ে ওঠেন জেসমিন। এর আগে স্বামীকে নাজেহাল করতে তিনি নিজের মেয়ের ওপর ধর্ষণের মিথ্যা অভিযোগসহ নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। ?গত বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পরিদর্শনে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেসমিন আক্তার তার প্রাক্তন স্বামীর বিদেশযাত্রা বন্ধের তদবির করতে সামাদকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন।
অভিযোগ উঠেছে, জেসমিন আক্তার তার কাজ হাসিলের জন্য ২ লাখ টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন। কিন্তু সামাদ কৌশলে জেসমিনের কাছ থেকে সেই টাকা নেন এবং নিজের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে মাত্র ৪০ হাজার টাকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। পুলিশ সুপারকে প্রকাশ্যে ঘুষ দেয়ার প্রস্তাব করায় তিনি তাৎক্ষণিক তাদের দু’জনকে আটকের নির্দেশ দেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করে। ডিআইজি’র উপস্থিতিতে থানায় এমন দুঃসাহসিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত এক পত্রে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী সামাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে বহিষ্কার করা হবে না মর্মে ২৪ ঘণ্টার মধ্যে উক্ত বিষয়ে কারণ দর্শানোর নোটিশ করেছেন।
