রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়ন-এর সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় মমিনের বাসায় ভাড়া থাকতো এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, টুম্পা একই থানার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে।

সেও পরিবারের সঙ্গে একই এলাকায় আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকতো এবং একই স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা গার্মেন্টস শ্রমিক। স্থানীয়দের ভাষ্য, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। একপর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে টুম্পাও পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন