সাঘাটায় কোটি টাকার ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের গোয়ালবাড়ি নামক স্থানে আলাই নদীর উপরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলজিইডি’র ব্রিজে দুর্নীতি ও পরিকল্পনায় ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরজমিন দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্র বোনারপাড়ার সঙ্গে সংযোগের একমাত্র সড়কটির পাশেই এলজিইডি’র ব্রিজ নির্মাণ করা হচ্ছে। যা মূল সড়কের থেকে প্রায় ৪ ফুট উঁচু। স্থানীয়দের অভিযোগ, এতে কোনোভাবেই ওই সড়কটির সঙ্গে ব্রিজের সংযোগ দেয়া সম্ভব না। এ ছাড়াও ভবিষ্যতে জেলা রোডটি সম্প্রসারণ করা হলে, ব্রিজটি পুনরায় মেরামতেরও আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্রিজের ওপারের চরপাড়া, খামার, মিয়া বাড়ি, বাবুর বাজার, কাজী বাড়িসহ অন্তত ৩০টি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পারাপার করছেন। ফলে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ব্রিজটির কাজে বড় ধরনের দুর্নীতি হয়েছে। যা স্পষ্টভাবে ব্রিজের কাজে ফুটে উঠেছে। স্থানীয় সাবেক মেম্বার হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, ব্রিজটির নির্মাণকাজে বড় ধরনের ভুল হয়েছে। যা ঢাকার জন্য ঠিকাদার জুয়েল বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছেন। এ ছাড়াও দেখা যায়, ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষের পথে হলেও নির্মাণ ব্যয়ের সাইনবোর্ড দেয়া হয়নি। এ ব্যাপারে ঠিকাদার জুয়েলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দেন। উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) নয়ন রায় বলেন, ব্রিজটির কাজ এখনো চলমান। কোনো ভুল হলে তা সংশোধন করার চেষ্টা করবো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন