নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির এক ছাত্রীকে বেত্রাঘাত করেছেন শিক্ষক ফাইজউদ্দিন। ওই ছাত্রীর নাম সাইমা আক্তার (১৫)। গণিত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারায় ঘাড়ে ১০-১২টি বেত্রাঘাত করেন গণিতের ওই শিক্ষক।
আহত সাইমা আক্তার উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার ব্যবসায়ী আজিজুল হকের মেয়ে। বৃহস্পতিবার সকালে শিক্ষকের বেত্রাঘাতে ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়া সাইমাকে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ফাইজউদ্দিনকে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন আলহেরা একাডেমি কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল দশম শ্রেণির প্রথম পর্ব পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। এতে গণিত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি সাইমা আক্তার। এ নিয়ে ওই ছাত্রীর ঘাড়ে পরপর ১২টি বেত্রাঘাত করেন গণিত শিক্ষক ফাইজউদ্দিন। পরে বাড়িতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করেন।
এ ঘটনায় ওই ছাত্রী মানসিকভাবে চরম ভেঙে পড়ে বলে জানান তার পরিবার। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ওই শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসা ব্যয় স্কুল কর্তৃপক্ষ বহন করবে। ভুক্তভোগী পরিবারকে আইনি সুরক্ষা দেয়ার জন্য ওসি’র সঙ্গে কথা বলেছি।
