ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে নির্বাচনী নিরাপত্তার কারণে গত রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দু’-দেশের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময়ে শুধুমাত্র অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে দু’-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ছিল। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকেই যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন বলেন, তিনদিন বন্ধের পর সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু’-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে। বন্ধের সময় যাতে পণ্যজট সৃষ্টি না হয়, সেজন্য বন্দর ও কাস্টম্স কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
