ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান

ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ার সদর ইউনিয়নের পাঁচপীর প্রতাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সরজমিন দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদের একাধিক স্থানে বড় বড় অংশ ভেঙে পড়েছে এবং লোহার রডগুলো উন্মুক্ত হয়ে রয়েছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে এবং ভেজা অবস্থায় আরও পলেস্তারা খসে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে।

জানা যায়, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। ১৯৯৯ সালে প্রথম একতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবনটি নির্মিত হয়। বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি মডেল বিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত রয়েছে। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে একটি অফিস কক্ষ, প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের একটি কক্ষ ও আরও একটি শ্রেণিকক্ষ রয়েছে। টিনশেডের দুই কক্ষের আরও একটি ঘর থাকলেও ২৮০ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত হওয়ায় স্থান সংকুলান দেখা দিয়েছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে এমনিতেই হিমশিম খেতে হয়। অপরদিকে ভবনের দুটি কক্ষের এই অবস্থার কারণে আগামীতে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হবে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিছ আলী, আব্দুল বারী, জমশেদ আলীসহ অভিভাবকদের দাবি, দ্রুত বিদ্যালয়ের ভবনটি সংস্কার করা দরকার। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এ বিষয়ে শিক্ষা বিভাগের হস্তক্ষেপ কামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন বলেনÑ আমি এক বছর হয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বলেনÑ সরজমিন দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন