মিরসরাইয়ে বাবার মৃত্যুর খবর না জেনে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও মেয়ে নওশীন জানত না, পাঁচ ঘণ্টা আগে তার বাবা মারা গেছেন। মেয়ের পরীক্ষার কথা ভেবে পরিবার গোপন রাখে মৃত্যু সংবাদ। বৃহস্পতিবার রাত ৩টায় নওশীনের পিতা আবুল খায়ের (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষার্থী নওশীনের বাবা আবুল খায়ের গত ১৮ই এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ২১শে এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত অংশ নিচ্ছিল নওশীন। বাবার একমাত্র মেয়ে হওয়ায় তার মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পরিবার একটি কঠিন সিদ্ধান্ত নেয়। পরীক্ষায় যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে সকালে তাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো স্বাভাবিক সময়ে না নিয়ে, সেদিন তাকে প্রায় দুই ঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পাঠায়। আবহাওয়া খারাপ ও ঝড়-তুফানের আশঙ্কার বাহানা দিয়ে তাকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে। মৃতের ভাগনে জিয়া উদ্দিন বলেন, ‘আমার খালাতো বোনের এসএসসি পরীক্ষা চলছে। আঙ্কেল রাত তিনটার দিকে মারা যান। তার পরীক্ষার কথা চিন্তা করে আমরা কাউকে জানাইনি, এমনকি লাশও বাড়িতে আনা হয়নি। তাকে আগেভাগে কেন্দ্রে পাঠানোর পর আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।’ পরীক্ষা শেষে বাড়ি ফিরে চারপাশের পরিস্থিতি দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় নওশীন। তখনই সে জানতে পারে, তার প্রিয় বাবা আর নেই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবেগাপ্লুত হয়ে পড়ে স্বজন ও প্রতিবেশীরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন