নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের তিন সদস্যকে র্যাব-৪ এর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হালিম ওরফে বোঁচা হালিম (৫২), শাহিন খাঁ (৪২) ও নয়ন (৩২)। বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া স্বর্নালংকারের মধ্য সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ওরফে বোঁচা হালিম, মো. শাহিন খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের আটিবাজারস্থ ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে ৬ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার সহ নয়নকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেখানো মতে হুমায়ুন কবিরের পার্শ¦বর্তী ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, সোমবার (১৩ই এপ্রিল) ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় কমপক্ষে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একটি ডাকাতি ফতুল্লা মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়।
