চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫ সদস্যরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থান থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ফলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের দেয়া গোপন সংবাদে কবরস্থানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কবরস্থানের পশ্চিম-দক্ষিণ সীমানার কোণায় একটি সন্দেহজনক কাপড়ের বাজারের ব্যাগ দেখতে পায় র্যাব সদস্যরা।
পরে ব্যাগটি খুলে তল্লাশি করলে ভেতর থেকে দেশি তৈরি একটি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কোনো দুর্বৃত্তচক্র গোপনে অস্ত্রগুলো সেখানে মজুত করে রেখেছিল, যা ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
