ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে নদীভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। তাদের সঙ্গে ছিল শতাধিক শিশু শিক্ষার্থী যাদের চোখেমুখে ভয়, অনিশ্চয়তা আর প্রিয় স্কুল হারানোর আশঙ্কা।

স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ ও সেখানে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ রিন্টু, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি এবং সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক ফজলুল করিম ফারাজি ।

নদীর পাড়ে দাঁড়িয়ে বৃদ্ধা আছিয়া বেগম আকলিমা, কবিজন নেছা ও বৃদ্ধ শাহাবুর বলেন,এই ভিটাটুকুই আমাদের সব। নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব। নওশের আলী বলেন, প্রতি বছরই ভাঙন দেখি, কিন্তু এবার মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে।

মানববন্ধনে অংশ নেয়া শিশুদের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার ও রাব্বি বলে, আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায়, আমরা কোথায় পড়ব? আমরা স্কুলটা বাঁচাতে চাই।

সমাবেশে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, পৃথিবীর অনেক দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের দেশে তারা গৃহহীন হয়ে বারবার ঠিকানা বদলায়। যেন তারা এই দেশেরই মানুষ নয়। তিনি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ১৬টি নদ-নদীর মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদে বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। তিনি বলেন, দ্রুত এক লাখ বালুভর্তি জিও ব্যাগের টেন্ডার আহ্বান করা হবে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন