কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি ও একটি দুমুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। র‌্যাব কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে চলমান অভিযান কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)। র‌্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর আগে, গত রোববার কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। র‌্যাব জানায়, এ চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি এবং সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন