নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে গতকাল ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স’মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলোÑ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত আলী (৩০), আবু হোসেন (৩৫), হাসান আলী (৩০), বগুড়ার গাবতলী উপজেলার মো. রনি (৩২) ও হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছেÑ এমন সংবাদে সাহাপুর এলাকার শহিদুলের স’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।
