বান্দরবান পার্বত্য জেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার এক অসহায় বিধবা নারী কুলসুমা বেগমের জীবনে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবান সেনা জোন। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করা এই নারী ভগ্নপ্রায় একটি জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তার জীবনে ছিল না কোনো নির্ভরতার স্থান, ছিল না সহায়তার মতো কোনো মানুষ, চারপাশে শুধুই অসহায়ত্ব আর বঞ্চনার গল্প। ঝড়-বৃষ্টি এলেই ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটতো তার। মাথা গোঁজার ঠাঁইটুকুও যখন নিরাপদ নয়, তখন প্রতিটি রাত তার কাছে ছিল আতঙ্কের।
ঠিক এমন সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে আসে বান্দরবান সেনা জোন। বান্দরবান সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল হুমায়ুন রশীদ, পিএসসি-এর সার্বিক দিক-নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করে। সেনা জোনের জোন কমান্ডার এর আন্তরিক তত্ত্বাবধান ও মানবিক নেতৃত্বে বুধবার সকালে সেনা জোনে অসহায় বিধবা এই নারীর জন্য ঘর নির্মাণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তার জীবনে এক নতুন আশার দ্বার উন্মোচন করে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই নারী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলবো না।’ স্থানীয় এলাকাবাসীও বান্দরবান সেনা জোনের এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন। তারা মনে করেন, দেশের যেকোনো সংকটে যেমন সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে, তেমনি ব্যক্তিগত মানবিক সংকটেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
