মধ্যরাতে পাচারের সময় তেলবাহী গাড়ি জব্দ

মধ্যরাতে পাচারের সময় তেলবাহী গাড়ি জব্দ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় পুলিশ তেলবাহী গাড়ি ট্রলি ও তেলের ড্রাম জব্দ করেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জ্বালানি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত হিরো ইটভাটায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ তেল পাচারে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটিসহ মোট আটটি গাড়ি এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়। মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ বলেন, যে তেল জব্দ করা হয়েছে সেটা আমাদের ফিলিং স্টেশনের তেল না। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে আমার ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ করা হয়েছে ২৮ তারিখের জন্য। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান-গোপন সংবাদে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচার চক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে তেলগুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন