চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা অভিযুক্ত আবু রশিদের দুইটি বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নিহত বশির পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দ্যেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১শে এপ্রিল পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বারেক মিয়ার ছেলে আবু রশিদ ও মানিক মিয়ার ছেলে নাদিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদের দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে নাদির এর পক্ষের লোকজনের ওপর হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দিবাগত রাতে বসির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদের দুইটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে দুইটি বসতঘর পুড়ে যায়।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, ২১শে এপ্রিল রাতে বৈদ্দ্যেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বসির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে।
নিহত বসিরের চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বসির পেশায় নির্মাণ শ্রমিক। ২১শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদের পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বসিরের মাথায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বসির মৃত্যুবরণ করেন। বসির ৩ সন্তানের জনক।
৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১শে এপ্রিল সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিহত বসিরকে মাদক ব্যবসার বলি হতে হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, বৈদ্দ্যেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। ওই ঘটনায় আহত বসির ঢাকায় মৃত্যুবরণ করে। মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৬ পুলিশ আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
