বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই, আটক ৪

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর এক ব্যবসায়ীর পথরোধ করে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শালবাগান মোড়ে ব্যাটারি কারখানা সংলগ্ন ঢিপির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

থানায় মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত পুরাতন সোনা কিনে বিরামপুর থেকে পাকা সোনার পাত বানিয়ে নিয়ে অলংকার তৈরি করে থাকেন। সোমবার সন্ধ্যায় তিনি বিরামপুর থেকে ৮ ভরি ৪ আনা ওজনের পাকা সোনার পাত নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় কয়েকজন যুবক তার পথ রোধ করে। এ সময় ব্যবসায়ী মানিককে মারপিট করে তার কাছে থাকা সোনা নিয়ে পালানোর সময় তার চিৎকারে লোকজন এসে দু’জনকে আটক করে এবং দ্রুত পালিয়ে যাওয়ার পথে রতনপুর এলাকায় আরও দু’জনকে আটক করে। আটককৃতরা হলোÑ আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।

আটক ৪ জন ও পলাতক ৩ জনের নামে থানায় মামলা করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি মোটরসাইকেল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মঙ্গলবার থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন