কক্সবাজারের চকরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৬) নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ওষুধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেলচালক।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
