চাঁদপুরের মতলব উত্তরে আবারো বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এবার মেঘনা নদীর পাড় থেকে রাসেল ভাইপার উদ্ধার করতে গিয়ে সাপের দংশনে আহত হয়েছেন এক যুবক। পরে সেই সাপটিকেই পলিথিন ব্যাগে ভরে বাড়িতে রেখে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান তিনি। উপজেলার এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর আবাসন এলাকার মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত যুবক মো. সোহেল (৩১) একই এলাকার সেলিম প্রধানের ছেলে। তিনি জানান, সকালে মেঘনা নদীর পাড়ে নতুন বাড়িতে যাওয়ার সময় একটি জালে বড় আকৃতির রাসেল ভাইপার সাপ আটকা পড়ে থাকতে দেখেন। পরে তিনি সেটিকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করলে হঠাৎ সাপটি তার হাতে দংশন দেয়। তাৎক্ষণিকভাবে তিনি সাপটিকে ধরে পলিথিন ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসেন। পরে প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন। চিকিৎসা শেষে দুপুরে বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেনÑ উদ্ধার হওয়া সাপটির বিষয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
