আমতলীসহ উপকূলীয় এলাকায় লোকসানের মুখে তরমুজ চাষিরা

ফন্ট সাইজ:

বরগুনার আমতলী-তালতলীসহ উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও চাষিদের মুখে হাসি নেই। ডিজেল সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি, হিমাগারের অভাব এবং পাইকারি ক্রেতার অনুপস্থিতিতে চরম বিপাকে পড়েছেন তারা। মাঠভর্তি পাকা তরমুজ বিক্রি না হওয়ায় অনেক ক্ষেতেই তা পচে গেছে। আর যা বিক্রি হয়েছে তা হয়েছে পানির দরে। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।

আমতলীর আঠারোগাছিয়া, চাওড়া, হলদিয়া, কুকুয়া, গুলিশাখালী, তালতলীর শারিকখালী, নিশানবাড়িয়া, বড়বগি, বরগুনার কালমেঘা, কাকচিড়া, চরদুয়ানী, কাজিরাবাদ ও হোসনাবাদসহ বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে এ বছর তরমুজের ব্যাপক আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ীÑ বরগুনা জেলায় প্রায় ১২ হাজার ৩২৪ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যার মধ্যে আমতলী উপজেলায় সাড়ে ৫ হাজার হেক্টর, সদর উপজেলায় রয়েছে প্রায় ৬ হাজার হেক্টর। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতেই আকস্মিক ভারী বৃষ্টিতে অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। এতে পরিপক্ব তরমুজ নষ্ট হয়ে যায়। এর ওপর যোগ হয়েছে পরিবহন সংকট।

ডিজেলের অজুহাতে ট্রাক ভাড়া ৩৫ হাজার টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আগের মতো আসেনি। স্থানীয় কৃষকদের অভিযোগ, হিমাগার বা আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে তারা তরমুজ ধরে রাখতে পারছেন না। ফলে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, এ বছর ফলন ভালো হয়েছে। তবে আকস্মিক বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কিছু ক্ষতি হয়েছে। পাশাপাশি পরিবহন সংকট ও বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতায় কৃষকরা প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরগুনা জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১৫ হাজার ৮৩৮ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৪ হাজার ৩২৬ হেক্টর বেশি। মোট উৎপাদন হয়েছে প্রায় ৬ লাখ ৯২ হাজার ৩২৫ টন তরমুজ। তবে উৎপাদন বেশি হলেও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও পরিবহন সংকটের কারণে সব কৃষক সমানভাবে লাভবান হতে পারেননি। জেলা কৃষি অফিস জানায়, উৎপাদিত তরমুজের বড় একটি অংশ বিক্রি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু মাঠপর্যায়ের অনেক চাষি ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন