কুলিয়ারচরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিলম্বে শুরু এসএসসি পরীক্ষা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসএসসি পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে এই ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ভয়াবহতার কারণে এসএসসি পরীক্ষা শুরুর সময়সূচি ৩০ মিনিট বিলম্ব করে সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কৃষ্ণ বর্ণ ধারণ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যায়। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টির কারণে অন্তত ৩০ হেক্টর বোরো ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এই অবস্থায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের তীব্রতায় এসএসসি পরীক্ষার্থীরা বাসা থেকে বের হতে পারছিলেন না। পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ইংরেজি ২য় পত্রের পরীক্ষা শুরুর সময়সূচি ৩০ মিনিট পিছিয়ে সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সংশ্লিষ্টদের অবহিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই সকাল থেকে আকাশে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মাঠের পাকা ও আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ সরজমিন কাজ করে যাচ্ছে। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারবো। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার বলেন, সকাল থেকেই প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এই অবস্থায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছার বিষয়টি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিছুটা পিছিয়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন