মৌলভীবাজারের কুলাউড়ায় ভেঙে ফেলা পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে কুলাউড়ার ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, খালেদ পারভেজ বখস, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনসহ প্রমুখ।
কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠের এক পাশে অবস্থিত পাবলিক লাইব্রেরির পুরনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়। তবে পরবর্তীতে এটি পুনঃস্থাপনে আর কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে নির্ধারিত স্থানে আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুনঃনির্মাণ ও দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর আগে, গত শনিবার (২৫শে এপ্রিল) সন্ধ্যায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকার একটি কমিউনিটি হলে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
