নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এতে জনগুরুত্বপূর্ণ একাধিক ঘটনা নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। সভা সূত্র জানায়, উপজেলার পৌর এলাকার আনমনু ও তিমিরপুর গ্রামের আলোচিত-মীমাংসিত দুটো হত্যা মামলার নিষ্পত্তি নিয়ে গাফিলতি, দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে হামলা, মামলা-পাল্টা মামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনা অদৃশ্য কারণে সমাধানে বিঘ্নতার নেপথ্যের উৎস খতিয়ে দেখা এবং বিদ্যমান বিরোধ নিরসনে প্রতিবন্ধকতা তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়।

ভোরবেলা এবং গভীর রাতে চলাচলকারী পিকআপ ভ্যানকে কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও নবীগঞ্জ শহরের যানজট নিরসনে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে চলাচলকারী বাসগুলোকে নির্ধারিত স্ট্যান্ডে স্থানান্তর, শহরের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ এবং যানজট নিরসনে সকলের সমন্বিত উদ্যোগে ঐকমত্য, বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণ খতিয়ে দেখা নিয়েও ঐকমত্য হয়।

আইনশৃঙ্খলা কমিটিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সমাজসেবী সিমি কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়া, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এসআর চৌধুরী সেলিম, মাওলানা আশরাফ আলী, এমপি মনোনীত প্রতিনিধি সাংবাদিক এম এ বাছিত, আব্দুল আলীম ইয়াছিনী, আবুল হোসেন জীবন, জালাল আহমদ প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন