মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক, এখনো মিলেনি সন্ধান

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে মো. শিপন (২২) নামের এক যুবক নিখোঁজের দুইদিন পরেও সন্ধান পাওয়া যায়নি। এর আগে গত সোমবার বিকালে উপজেলার পশ্চিম চর লরেন্স নবীগঞ্জ এলাকায় তীব্র স্রোতে নদীর পানিতে তলিয়ে যায় সে। শিপন চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে। শিপনের সঙ্গে মাছ শিকারে যাওয়া জেলে শান্ত জানান- তারা তিনজন মিলে নবীগঞ্জ রাস্তার মাথায় মেঘনা নদীতে মইজাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছিলেন। হঠাৎ শিপন চিৎকার করে জানান, তার পায়ে জালের রশি আটকে গেছে। তখন সঙ্গীরা রশি কাটার ব্যবস্থা করতে উপরে উঠে আসার আগেই শিপন তীব্র স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ শিপনের বাবা বাবুল জানান, বিকাল ৪টার দিকে তার ছেলেসহ তিনজন নদীতে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা চালান। পরে ডুবুরিদলকে খবর দেয়া হলেও তারাও উদ্ধার করতে পারেনি। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান- স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকারী দল তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন