সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে বড়বন্দ গ্রামের সোহেল আহমদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল বিভিন্ন সময় ফারহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিরোধের জের ধরে সোহেল আহমদ তার স্ত্রী ফারহানা বেগমকে ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে।
ঘাতক স্বামী ফারহানা বেগমের মাথা, বুক, গাল ডান হাতে গুরুতর জখম করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল আহমদ পলাতক রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা জানান, নিহত ফারহানা তিন সন্তানের জননী ছিলেন।
