ধর্মীয় কাজের পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে মাইক্রোবাসে কক্সবাজার গিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুদের একটি দল। তাদের সফরসঙ্গী ছিলেন আরও দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক ও মাইক্রোবাস চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে বিহারে ফেরার পথে মাইক্রোবাসটি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উচারা ভিক্ষু, আগেদামা ভিক্ষু ও মাইক্রোবাসের চালক লাব্রে আং মারমা ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়াও ইন্দাসারা ভিক্ষু, নেন্দিয়া ভিক্ষু, সুমিতা ভিক্ষু এবং তাদের সফরসঙ্গী সাতুআই প্রু মারমা ও চেংপ্র মারমা আহত হয়েছেন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হতাহতদের বাড়ি খাগড়াছড়ি জেলায়। এই বৌদ্ধ ভিক্ষুরা পানছড়ি ও সদর উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দায়িত্বরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতেই হতাহতের ঘটনাটি ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র মানবজমিনকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনাটি অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি।
