নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছেন। নিহত আফিয়া আক্তার (৪৫) ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী। ওই গৃহবধূ পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন।
নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ওসি মুজিবর রহমান মানবজমিনকে জানান- এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
