শিশু আয়শার লাশ উদ্ধারের ১০ দিন পেরিয়ে গেলেও সত্য উদ্ঘাটনের নেই অগ্রগতি। আসামি শনাক্তসহ বিচারের দাবিতে উত্তাল হয়ে পড়েছে চিলমারী, ফুঁসে উঠছে এলাকাবাসী। দ্রুত হত্যাকারী শনাক্তসহ বিচারের দাবিতে উপজেলা পরিষদ, থানা ঘেরাওসহ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ স্থানীয়দের।
সোমবার সকালে স্থানীয় মানুষসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মাছাবান্দা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চিলমারী মডেল থানার সামনে অবস্থান নেয়। পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার চত্বরের প্রধান ফটকে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।
জানা গেছে, ১৭ই এপ্রিল কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাছাবান্দা শাহপাড়া এলাকার দিনমজুর আলমগীর হোসেন ২ বছরের শিশুকন্যা আয়শা সকালে নিখোঁজ হয়। প্রায় ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু আয়শার লাশ উদ্ধারের পর বাকরুদ্ধ হয়ে পড়ে স্থানীয়রা। লাশ উদ্ধারের পর নিহতের পিতা চিলমারী থানার একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের প্রায় ১০ দিন কেটে গেলেও মামলা বা হত্যার কোনো তথ্য পুলিশ উদ্ঘাটন করতে না পারায় ফুঁসে ওঠে স্থানীয় মানুষ। অবরোধ কর্মসূচি চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান উপস্থিত হন এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। তার পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের জোরালো আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
নিহত আয়শার পিতা আলমগীর হোসেন বলেন, ১০ দিন পার হয়ে যাচ্ছে অথচ পুলিশ কোনো তথ্য উদ্ঘাটন করতে পারছে না, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। ?এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
