মৌলভীবাজারে তিনদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। গতকাল মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করতে গুরুত্বারোপ করেন।
মেলা উপলক্ষে একইস্থানে সেমিনারও অনুষ্ঠিত হয়। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
সেমিনারে বক্তারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন, মৌলভীবাজার আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণের এই বিজ্ঞান মেলায় জেলার ৭টি উপজেলা থেকে আগত বাছাইকৃত দলের বিভিন্ন উদ্বোধনীর প্রদর্শনী নিয়ে ১৪টি স্টল রয়েছে। তিনদিনব্যাপী মেলা চলবে প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলায় থাকছে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
