চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন, সংগ্রামী নেতা চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিক নেতা রাজদেও কৈরীর মৃত্যুতে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিকের সভাপতিত্বে রোববার রাতে কমলগঞ্জ উপজেলা শমসেরনগর বাজার এলাকায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন।
সভার শুরুতে প্রয়াত রাজদেও কৈরীর জীবিনীর ওপর লিখিত বক্তব্য পাঠ করেন চা-শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা। এ ছাড়াও শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীমনি বাক্তি, প্রচার সম্পাদক কাজল হাজরা, সদস্য সুনীল কর, সত্যনারায়ণ নাইড়ু।
সভায় বক্তারা বলেন- প্রয়াত রাজদেও কৈরী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীনের হাত ধরে চা-শ্রমিক সংঘের কাজের সঙ্গে সম্পৃক্ত হন। এর ধারাবাহিকতায় রাজদেও কৈরী প্রথমে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আহ্বায়ক এবং সর্বশেষ ২০২৪ সালে সম্মেলনের মাধ্যমে তিনি সংগঠনের সভাপতি নির্বাচিত হন। রাজদেও কৈরীর নেতৃত্বে চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রচার আন্দোলন ও আইনগত জোরদার করা হয়। এর প্রেক্ষিতে চা-শিল্পের ইতিহাসে দেড়শত বছরের বেশি সময় পর ২০১৬ সালে চা-শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের মজুরি আদায় হয়।
এ ছাড়া কর্মে উপস্থিতির ওপর নির্ভর করে বেআইনিভাবে উৎসব বোনাস কম প্রদানের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে কিছু কিছু বাগানে পূর্ণ বোনাস আদায় হয়। বোনাস কম দেয়ার প্রেক্ষিতে শ্রম আদালতে মামলাও চলমান রয়েছে। চা-শ্রমিক সংঘের কার্যক্রম অগ্রসর করার পাশাপাশি প্রয়াত রাজদেও কৈরী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ধ্রুততারা সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন।
গত কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভোগ ছিলেন। তার অসুস্থতা সত্ত্বেও ২২শে সেপ্টেম্বর ২০২৪ চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ১ম সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। বিভিন্ন সময়ে নানাপক্ষ থেকে তাকে প্রলুব্ধ করার চেষ্টা হলেও তিনি এসব উপেক্ষা করে চা-শ্রমিক সংঘের কার্যক্রম অগ্রসর করতে সচেষ্ট থাকেন। গত ৯ই এপ্রিল তিনি আলীনগর চা-বাগানের শ্রমিক লাইনে নিজ ঘরে মৃত্যুবরণ করেন।
