সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম বারকোট গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সিলেট জজ কোর্টের আইনজীবী, এপিপি এম এ তাহেরের বিরুদ্ধে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে এবং স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে জমি দখল, মামলা দিয়ে হয়রানি এবং শারীরিক নির্যাতনেরও অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের মরহুম মাসুক উদ্দিন চৌধুরীর স্ত্রী ও যুক্তরাজ্য প্রবাসী হেনা বেগম চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেনা বেগম চৌধুরী বলেন, তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী এবং তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন। দেশের প্রতি ভালোবাসা থেকে তারা দেশে এসে বিনিয়োগ করেন এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেন। কিন্তু বর্তমানে তারা নিজ দেশে ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাবের শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, বারকোট মৌজায় তাদের মৌরুসি ও ক্রয়কৃত সম্পত্তির একটি বড় অংশ এবং সরকারের খাস ভূমি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করেছেন একই এলাকার বাসিন্দা বিএনপি নেতা ও আইনজীবী এম এ তাহের। নিজের প্রভাব খাটিয়ে তিনি তার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংবাদ সম্মেলনে হেনা বেগম চৌধুরীর দেবর ফয়ছল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
