দোকানের মালিকানা দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে শামীম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের হারুয়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শামীম হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিংকন (৩৫) ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। লিংকন একই এলাকার সুলতান মিয়ার ছেলে। নিহত শামীম ও অভিযুক্ত লিংকন সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে চাচা শামীম ও ভাতিজা লিংকনের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মো. রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চায়। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে লিংকন ঘটনাস্থলে গিয়ে শামীমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী এবং পরিবারের লোকজন শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীমের স্ত্রী নাসরিন বলেন, আমার স্বামীর হাত কেটে ফেলতো। কিন্তু মারলো কেন? আমি লিংকনের ফাঁসি চাই। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন