নারায়ণগঞ্জের ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন।
তিনি জানান, আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা এখন সাধারণত দিনের বেলায় কাজ না করে রাতে সক্রিয় থাকে। এ কারণে ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পর থেকেই অভিযান পরিচালনা শুরু করে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে প্যাটার্ন ফিনিশিং কারখানায় গিয়ে দেখা যায়, আরএমএস রুম তালাবদ্ধ। তবে ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে, যার ফলে মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলে।
এ ছাড়া, ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়। তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতিমধ্যে মিটার খুলে নেয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিলও জরিমানা করা হবে।’ অভিযানে উপস্থিত ছিলেন- তিতাসের ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।
